ইরান এখন চুক্তি করতে চাইছে বলে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ না হলে ইরান এত দিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত, কিন্তু বর্তমানে তেহরান কেবল টিকে থাকার চেষ্টা করছে।
মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। আপনারা জানেন, এই অবরোধ অবিশ্বাস্যভাবে সফল হয়েছে; এটি যেন একটি ইস্পাতের দেয়াল। কেউ এই ব্লকেডকে চ্যালেঞ্জ করার সাহস পাবে না এবং আমি মনে করি এটি খুব ভালোভাবে কাজ করছে।’
তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে গতকাল গুলি চালানো হয়েছে ঠিকই, কিন্তু সেটি চলাচলে সক্ষম ছিল। যুক্তরাষ্ট্রের পাহারায় থাকা জাহাজ বহরের অংশ ছিল না সেটি।’
তিনি আরও বলেন, ‘ইরান চুক্তি করতে চায়। তবে তাদের একটি বিষয় আমার পছন্দ নয়—তারা আমার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কথা বলে, আবার টেলিভিশনে গিয়ে বলে যে “আমরা প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা বলিনি”।’
/কেএইচও