মানিকগঞ্জের সাটুরিয়ায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে মানিকগঞ্জ-দরগ্রাম অঞ্চলের সড়কের সাটুরিয়া উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া সেতুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের তিল্লী এলাকার আলম মিয়া (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সাটুরিয়ার দরগ্রাম এলাকা থেকে পথর বোঝাই একটি ট্রাক মানিকগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে সাটুরিয়ার উত্তরতিল্লী বিলপাড়া সেতুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আলম মারা যায়। পণ্যবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সোনা মিয়া ও আরোহী কালু মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কালু মিয়া ও বিকেলে সোমা মিয়ার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/জোই