ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মুমূর্ষু এক শিশু রোগীকে অক্সিজেন মাস্ক খুলে অন্যত্র নিয়ে যাওয়ার সময় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সরকারি কর্মচারী মো. এনায়েত করিম (৪০) কে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (১২ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সাত মাস বয়সী শিশুটির নাম হাসিব আহমেদ মিনহাজ। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
শিশুটির পরিবার জানায়, তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামে। বর্তমানে তারা গাজীপুরের বাসন এলাকায় থাকেন। শিশুটির বাবা হেলাল মিয়া একটি স্বর্ণের দোকানে কর্মরত এবং মা গার্মেন্টসে চাকরি করেন।
শিশুটির বাবা হেলাল মিয়া অভিযোগ করে বলেন, সন্তান অসুস্থ হলে প্রথমে রংপুর মেডিকেলে নেওয়া হয়, পরে ঢাকায় আনা হয়। বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগ থেকে শিশু ওয়ার্ডে পাঠানো হয়। তবে সেখানে বেড না থাকায় পরে তাদের বাইরে পাঠানোর কথা বলা হয়। তিনি বলেন, হাসপাতালের কর্মচারী এনায়েত করিম নিজেই তাদের সঙ্গে কথা বলে বেসরকারি হাসপাতালের খোঁজ দেন এবং সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এরপর অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় শিশুটির অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয় এবং কিছুক্ষণ পরই শিশুটি মারা যায় বলে দাবি করেন তিনি।
শিশুটির মামা রিপন অভিযোগ করে বলেন, আমরা শুধু চিকিৎসা চেয়েছিলাম, কিন্তু একের পর এক জায়গায় ঘুরতে ঘুরতেই আমাদের সন্তানকে হারাতে হলো।
এ ঘটনায় অভিযুক্ত এনায়েত করিমকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে আটক করা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মনমথ হালদার জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় একজনকে আটক রাখা হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরবিএন