প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:৪১ এএম

নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন ও তার হাতে লেখা চিরকুট। ছবি : সংগৃহীত
নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন ও তার হাতে লেখা চিরকুট। ছবি : সংগৃহীতচাঁদপুরের মতলব উত্তরের দক্ষিণ ইসলামাবাদ গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন (১৫) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
নিখোঁজ লিখন মজুমদার পবন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। সে স্থানীয় ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার আগে লিখন একটি হাতে লেখা চিরকুট রেখে যায়। সেখানে সে লিখেছে, আমি প্রতিষ্ঠিত হবো, আমি এতিম। সে পরিবারের উদ্দেশ্যে বিদায় বার্তাও দেয়। চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিতসহ কিছু আবেগঘন কথাও উল্লেখ ছিল, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার।
লিখনের বড় ভাই আপন জানান, আমার ছোট ভাই লিখনের কারও সঙ্গে রাগ বা অভিমান ছিল না। পড়াশোনার জন্যও তার ওপর বাড়তি চাপ ছিল না। আমাদের পরিবারেও ঝামেলা নেই। হঠাৎ করেই ওর বাড়ি থেকে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের ও রহস্যজনক।
তিনি আরও বলেন, ‘আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। কেউ যদি আমার ছোট ভাইয়ের সন্ধান পান, তাহলে আমাদের জানাবেন।’
পরিবারের সদস্যরা জানান, লিখনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যদি কোনও সহৃদয় ব্যক্তি লিখনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত মতলব উত্তর থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
/মহু