অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে জাকারিয়া আলী মুহাম্মদ কাদিস নামে এক ফিলিস্তিনি যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত মঙ্গলবার রাতে জাকারিয়াকে গুলি করে হত্যার ঘটনাটিকে ‘ফিল্ড এক্সিকিউশন’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।
বুধবার (১৩ মে) এক বিবৃতিতে হামাস জানায়, দখলদার সেনাবাহিনী কর্তৃক আমাদের ফিলিস্তিনি জনগণের ওপর বারবার এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এটি মূলত বর্বরোচিত জায়নবাদী অপরাধের একটি অংশ, যা বর্তমানে বিপজ্জনক গতিতে বৃদ্ধি পাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের নৃশংস অপরাধ করে ফিলিস্তিনিদের মনোবল ভেঙে ফেলা যাবে না। বরং এর ফলে দখলদার বাহিনীকে আরও চড়া মূল্য দিতে হবে। জাকারিয়া কাদিসের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে হামাস তাদের বিবৃতিতে জানায়, দখলদারদের প্রতিটি অপরাধই ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের স্পৃহা আরও বাড়িয়ে দিচ্ছে।
একই সাথে হামাস অধিকৃত পশ্চিম তীরের সাধারণ জনগণ ও বিপ্লবী তরুণদের প্রতি সংহতি ও আন্দোলনের ডাক দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের অব্যাহত অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে গাজা উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান ও সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর এমন আগ্রাসী ভূমিকা এই অঞ্চলে উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে।
/কহু