বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ইউসুফ শেখ হত্যা মামলার ৫ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.

2026-05-15T14:03:44+00:00
2026-05-15T14:03:44+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:০৩ পিএম 
মো. সানোয়ার হোসেন মোল্লা। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ইউসুফ শেখ হত্যা মামলার ৫ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনির নেতৃত্বে এসআই আলহাজ আলী ও কনস্টেবলদের সমন্বয়ে গঠিত ডিবির একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতার সানোয়ার হোসেন মোল্লা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন দুর্বাচারা এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনের সময় বেলা সাড়ে তিনটার দিকে ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে নূর টেইলার্স গলির ভেতরে পৌঁছালে সানোয়ার মোল্লাসহ অন্য আসামিরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে আসামিরা তাকে গুলি করেন এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ শেখকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট দিবাগত রাতে নিহত ইউসুফ শেখের মেয়ে মোছা. সীমা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় সানোয়ার হোসেন মোল্লা ৫ নম্বর এজাহারনামীয় আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুধু ইউসুফ শেখ হত্যা মামলাই নয়, সানোয়ার হোসেন মোল্লার বিরুদ্ধে কুষ্টিয়া ইবি থানা এবং কুষ্টিয়া মডেল থানায় হত্যা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই রকিব উদ্দিন জনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার ৫ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর বিষয়েও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলন  হত্যা মামলার  আসামি  ইউপি চেয়ারম্যান  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: