সিলেট টেস্টের শুরুতেই মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন পাকিস্তানের পেসার হাসান আলি। ইনিংসের অষ্টম ওভারে এসে ঘটনাটি ঘটেছে।
মোহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদ এ দুই পেসারের পর তৃতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন হাসান। তবে নিজের ওভারটিও পূর্ণ করতে পারেননি তিনি।
তার করা পঞ্চম বলটি পড়তে ভুল করেন বাংলাদেশের অভিষিক্ত ব্যাটার তানজিদ হাসান তামিম। তার ব্যাটে বল স্পর্শ করে বোলারের খানিকটা সামনে পড়ে। লাফিয়ে ক্যাচ লুফে নিতে গিয়ে ব্যর্থ হন হাসান।
উল্টো পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এরপর সঙ্গে সঙ্গেই মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। মাঠে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসার পরও অস্বস্তিবোধ যায়নি তার। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এর আগে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। এদিন টাইগারদের একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন।
সাদমান ইসলামের জায়গায় তানজিদ হাসান তামিম আর এবাদত হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
/কেএইচও