প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:১৮ পিএম
সংগৃহীত ছবিমধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনের এক উচ্চপর্যায়ের সংলাপ শেষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী রোববার প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে তার আগেই দুই দেশের প্রতিনিধিরা এটি আরও দেড় মাসের জন্য বাড়াতে সম্মত হয়েছেন।
মার্কিন মুখপাত্র টমি পিগোট তার পোস্টে উল্লেখ করেন, ওয়াশিংটনে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার দুই দিনব্যাপী সংলাপটি অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে। এর আগে গত ২৮ মার্চ ইরানে মার্কিন বাহিনী বিমান অভিযান শুরু করার পর, ২ মার্চ লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছিল দখলদার ইসরায়েলি বাহিনী।
টানা প্রায় দেড় মাসের রক্তক্ষয়ী আগ্রাসন ও সংঘাতের পর যুক্তরাষ্ট্রের জোরালো কূটনৈতিক মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল প্রথমবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও লেবানন। সেই বিরতির ধারাবাহিকতা বজায় রাখতেই এবার নতুন করে মেয়াদ বাড়ানোর এই চুক্তি স্বাক্ষরিত হলো।
সংলাপে কেবল দুই দেশের রাজনৈতিক প্রতিনিধিরাই নন, বরং যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তারাও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। টমি পিগোট জানান, আগামী ২৯ এপ্রিলের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগনের কৌশলগত কর্মকর্তারা দুই দেশের সীমান্ত সুরক্ষার জন্য নতুন একটি ‘নিরাপত্তা লাইন’ প্রস্তাব করবেন।
সেই প্রস্তাবিত লাইনের ওপর ভিত্তি করে আগামী ২ থেকে ৩ জুন পর্যন্ত ওয়াশিংটনেই পুনরায় সংলাপে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা, যেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে।
যুক্তরাষ্ট্র আশা করছে, চলমান এই ধারাবাহিক সংলাপ দুই বৈরী দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ও স্থায়ী শান্তির ভিত্তিকে আরও মজবুত করতে সাহায্য করবে।
একই সঙ্গে পরস্পরের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে পূর্ণ স্বীকৃতি প্রদানসহ সীমান্ত এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে এই কূটনৈতিক প্রক্রিয়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে হোয়াইট হাউস মনে করে। এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ফলে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সাময়িকভাবে হলেও বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা।
সূত্র: রয়টার্স
সময়ের আলো/টিএইচ