বেশ কয়েকটি নতুন প্রযুক্তি ও ফিচারের ঘোষণা দিল প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। সম্প্রতি ‘দ্য অ্যান্ড্রয়েড শো : আই/ও সংস্করণ’ নামক একটি বিশেষ আয়োজনে জেমিনি এআইয়ের ওপর ভিত্তি করে তৈরি নতুন ল্যাপটপ ‘গুগলবুক’ থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের একাধিক স্মার্ট আপডেটসহ নানা নতুন প্রযুক্তির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ মে। সেই অনুষ্ঠানের আগেই এলো এই নতুন ঘোষণাগুলো।
গুগলবুক
অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিল গুগলের নতুন ল্যাপটপ গুগলবুক। এটি মূলত জেমিনি এআইয়ের ক্ষমতা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ল্যাপটপের বিশেষ আকর্ষণ হলো এর এআই কার্সর। কোনো ছবি বা লেখার ওপর মাউস রাখলেই এটি বুঝে নেবে আপনি কী করতে চান। যেমন কার্সরটি কোনো ই-মেইল ডেটের ওপর রাখলে এটি নিজে থেকেই মিটিং শিডিউল করার পরামর্শ দেবে।
অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট
ফোনে থাকা সব অ্যাপ কোনো ঝামেলা ছাড়াই সরাসরি ল্যাপটপে চালানো যাবে। তবে এর দাম বা রিলিজ ডেট নিয়ে এখনও গোপনীয়তা বজায় রেখেছে গুগল।
অ্যান্ড্রয়েড অটোতে পরিবর্তন
গাড়ির স্মার্ট ডিসপ্লে বা অ্যান্ড্রয়েড অটোর জন্য গুগল নিয়ে এসেছে বেশ কিছু ব্যবহারকারীবান্ধব ফিচার। গাড়ি চালানোর সময় সঠিক লেন চেনার জন্য ম্যাপসে যুক্ত হয়েছে উন্নত থ্রি-ডি ভিউ।
এ ছাড়া এখন থেকে গাড়ি পার্ক করা অবস্থায় ইউটিউবে ফুল এইচডি (৬০ এফপিএস) ভিডিও দেখা যাবে। তবে নিরাপত্তা নিশ্চিতে গাড়ি চলতে শুরু করলেই ভিডিও বন্ধ হয়ে যাবে।
স্মার্ট উইজেট
আবহাওয়া বা গ্যারেজ খোলার মতো কাজগুলো এখন উইজেটের মাধ্যমেই দ্রুত করা যাবে। এমনকি জেমিনির মাধ্যমে কথা বলে খাবার অর্ডারও দেওয়া যাবে।
জেমিনি ইন্টেলিজেন্স ও পজ পয়েন্ট
অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে আরও বুদ্ধিমান করতে আনা হয়েছে ‘জেমিনি ইন্টেলিজেন্স’। এখন থেকে জেমিনি একই বাক্যের মধ্যে একাধিক ভাষার মিশ্রণ (কোড-সুইচিং) বুঝতে পারবে, যা কথা বলাকে আরও স্বাভাবিক করবে। শুরুতে এটি পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি ফোনে পাওয়া যাবে।
পাশাপাশি ফোনের আসক্তি কমাতে আসছে ‘পজ পয়েন্ট’। যেসব অ্যাপে বেশি সময় ব্যয় হয়, সেগুলো খোলার আগে ব্যবহারকারীকে ১০ সেকেন্ড অপেক্ষা করতে বাধ্য করবে এই ফিচারটি। এর ফলে অতিরিক্ত অ্যাপ ব্যবহারের প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর
পিক্সেল ব্যবহারকারীদের জন্য আসছে ‘স্ক্রিন রিঅ্যাকশনস’। এটি ব্যবহার করে একই সঙ্গে ফোনের স্ক্রিন এবং ব্যবহারকারীর মুখের অভিব্যক্তি রেকর্ড করা যাবে। যারা টিউটোরিয়াল বা রিঅ্যাকশন ভিডিও বানান, তাদের জন্য এটি ভিডিও এডিটিংয়ের ঝামেলা অনেক কমিয়ে দেবে।
ক্রোম ব্রাউজারে এআই চমক
অ্যান্ড্রয়েডের গুগল ক্রোম ব্রাউজারেও বড় আপডেট আসছে। এই আপডেটের পর সরাসরি ব্রাউজার থেকেই ন্যানো বানানোর সাহায্যে ছবি তৈরি করা যাবে। এ ছাড়া দীর্ঘ কোনো নিবন্ধ পড়ার সময় জেমিনি আইকনে ক্লিক করলেই পুরো পেজটির একটি চমৎকার সারসংক্ষেপ বা ইনফোগ্রাফিক চোখের সামনে চলে আসবে।
সময়ের আলো/জেডআই