হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সনের হজ ও ওমরাহ কার্যক্রমের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ক্যালেন্ডারে হজ-পরবর্তী ওমরাহ ভিসা চালুর তারিখসহ গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৩১ মে থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে। ওই দিন থেকেই বিদেশি মুসল্লিরা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন।
এর পরদিন ১ জুন থেকে পবিত্র মক্কায় প্রবেশ এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট গ্রহণের প্রক্রিয়া আবারও চালু করা হবে। ফলে নতুন মৌসুমে ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা আরও সক্রিয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
নতুন ক্যালেন্ডারে বলা হয়েছে, চলতি মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৩ সেপ্টেম্বরকে নির্ধারণ করা হয়েছে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ দিন হিসেবে।
এছাড়া যারা ইতোমধ্যে ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের দেশ ত্যাগের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত।
এর আগে ১১ মে থেকে বিদেশি এজেন্টদের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে ওমরাহ সংস্থাগুলোর চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়। পরদিন ১২ মে থেকে প্রতিবন্ধী সেবা ও অন্যান্য সংশ্লিষ্ট সেবার ইলেকট্রনিক চুক্তি কার্যক্রমও চালু করা হয়।
এদিকে হজ মৌসুম ঘিরে সৌদি আরব এখন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। রোববার (১৭ মে) চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ঈদুল আজহা ও হজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়েছে।
এএডি/