প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:২৫ এএম আপডেট: ১৮.০৫.২০২৬ ৫:৪০ পিএম
ঝিনাইদহ থানা। ছবি : সময়ের আলো ঝিনাইদহে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে মজিবর খাঁ (৬০) ও মোমেনা বেগম (৫৫) বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৭টায় নিজ বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মজিবর ওই গ্রামের মৃত তেরো আলী খাঁর ছোট ছেলে এবং মোমেনা তার স্ত্রী।
স্বজনরা জানান, সকালে বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যান তারা। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যান। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের উপর পড়ে যায়, পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জো