বিয়ের পিঁড়িতে বসে আচমকাই পাত্র বদলের ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে তুমুল শোরগোল সৃষ্টি হয়েছে।
বিয়ের আসরে এসে কনে যখন আচার-অনুষ্ঠান শুরু করেন, তখন বরের মুখ দেখে তাঁর চক্ষু চড়কগাছ। বরের আসনে তার পছন্দের ব্যক্তি নন, বরং বসে আছেন অন্য একজন। বিষয়টি বুঝতে পেরে কনে তাৎক্ষণিকভাবে বিয়ে থামিয়ে দেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে এই পাত্রকে তিনি বিয়ে করবেন না।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, বরের আসনে বসা ওই ব্যক্তির নাম দেবেন্দ্র সিং পরিমর। তবে দেবেন্দ্রর দাবি, সোশ্যাল মিডিয়ায় এই তরুণীর সঙ্গেই তার নিয়মিত কথা হতো এবং তিনি কোনো ভুয়া পাত্র নন।
জানা গেছে, ৯ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছিলেন দেবেন্দ্র। কনেপক্ষ তাদের থাকার জন্য হোটেলও বুক করেছিল এবং সেখান থেকেই তারা বিয়ের মণ্ডপে পৌঁছান। কিন্তু পাত্র জালিয়াতির বিষয়টি প্রকাশ্য আসতেই বিয়েবাড়িতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ উঠেছে, তরুণীর পরিবারের লোকজন দেবেন্দ্র এবং তার সঙ্গীদের ওপর চড়াও হয়ে মারধর করেন।
গুরুতর আহত হলে দেবেন্দ্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই পুরো ঘটনাটির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
সময়ের আলো/জেডি