আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে যাচ্ছেন।
মঙ্গলবার (১৯ মে) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এক বছরের মধ্যে এটি হবে পুতিনের দ্বিতীয় ভারত সফর। তার এ সফরকে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছিলেন পুতিন। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
যদিও ২০২৫ সালের বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সেটিই ছিল পুতিনের প্রথম ভারত সফর। এর আগে তিনি সর্বশেষ ২০২১ সালে নয়াদিল্লি সফর করেছিলেন।
পুতিনের এবারের সফরের আগে নয়াদিল্লি সফর করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও।
তিনি ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
/কেএইচও