সিরাজগঞ্জে অ্যাপেনডিক্স অপারেশনে ত্রুটিজনিত ভুল চিকিৎসায় সাবিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে একটি হাসপাতালে হামলা ও ভাঙচুর করেছেন তার স্বজনেরা।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার মুজিব সড়কের ১ নং খলিফা পট্টিতে অবস্থিত পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটে। নিহত সাবিনা খাতুন সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর বটতলা মহল্লার আসিফ আলীর স্ত্রী।
রোগীর স্বজনেরা জানান, চলতি মাসের ১৩ মে সাবিনা খাতুন পেটের ব্যথা নিয়ে অ্যাপেনডিক্স অপারেশনের জন্য পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি হন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ মে বিকেলে সাবিনার অ্যাপেনডিক্স অপারেশন করেন চিকিৎসক ডা. মুকুল হোসেন এবং অ্যানেসথেসিয়া করেন জাকারিয়া হোসেন। অপারেশনের পরই রোগীর অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার ঠেঙ্গামার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার বেগতি দেখে সোমবার সন্ধ্যার দিকে ঢাকার উত্তরা শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সাবিনা মারা যান। এরপর বিকেলে অ্যাম্বুলেন্সযোগে মরদেহটি হাসপাতালে পৌঁছালে উত্তেজিত স্বজনরা পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি গোপন করেছে। না জেনে এক হাসপাতাল থেকে আরেকটিতে নিয়ে ঘুরতে হয়েছে। এতে রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় বারবার রক্ত দিতে হয়েছে। চিকিৎসকদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসক ও হাসপাতাল মালিকদের শাস্তি দাবি করেন স্বজনেরা।
এ বিষয়ে কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সের পরিচালক মো. কামাল হোসেন জানান, অ্যাপেনডিক্স অপারেশনের পর রোগী ব্রেনস্ট্রোক করে। পরে আমার উন্নত চিকিৎসার জন্য বগুড়া পাঠিয়ে দেয়। শুনলাম তিনি মারা গেছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগী ভুল চিকিৎসায় মারা গেছে কি না এটা আমি জানি না।
সময়ের আলো/জোই