জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে হওয়া বন্দুক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, যেখানে তিনজন নিহত হন।
মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, মহাসচিব এই হামলাকে ‘গভীরভাবে নিন্দা’ জানিয়েছেন এবং বলেছেন, ধর্মীয় উপাসনালয়ে হামলা বিশেষভাবে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।
তিনি আরও জানান, গুতেরেস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সান দিয়েগোর ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামলায় জড়িত দুই সন্দেহভাজন কিশোর ঘটনাস্থলের কাছেই আত্মহত্যা করে মারা যায়।
জাতিসংঘ বলেছে, এমন সহিংস ঘটনা সমাজে ঘৃণা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
/ইউএমএইচ