চলতি সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। অসাধারণ অভিনয়ের জন্য তিনি অল্প সময়েই পেয়েছেন দর্শকপ্রিয়তা। একই সময়ের অভিনয় শিল্পী সুনেরাহ বিনতে কামাল। সিনেমা-ওটিটি পেরিয়ে সফলতা রাখছেন নাটকেও। ইয়াশ-সুনেরাহ বিজ্ঞাপন ও ওটিটিতে একসঙ্গে কাজ করেছেন। এবার তারা জুটি বেঁধেছেন ‘কেউ না জানুক’ শিরোনামের ঈদের নাটকে।
এলেক্স উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব। নির্মাতার মতে, প্রচলিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই নাটকটি। ‘কেউ না জানুক’ নাটকের গল্পে উঠে এসেছে গ্রামের এক সাধারণ ছেলেমেয়ের জীবন সংগ্রাম ও বাস্তবধর্মী আবেগ-ভালোবাসার চিত্র।
এতে প্রাধান্য পেয়েছে- প্রেম, বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, গ্রামীণ জীবনের সরলতা, ছেলেদের দায়িত্ববোধ এবং মেয়েদের না বলা অনুভূতিগুলো।
আরও পড়ুন
নির্মাতা শাহ মোহাম্মদ রাকিব বলেন, দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী ও হৃদয়ছোঁয়া গল্প উপহার দেওয়ার চেষ্টা করেছি; যেখানে বাস্তব জীবনের নানা অনুভূতি প্রতিফলিত হয়েছে। আশা করছি নাকটি দর্শকের ভালো লাগবে।
ইয়াশ রোহান ও সুনেরাহ বিনতে কামালকে নিয়ে কাজ করা প্রসঙ্গে রাকিব বলেন, দুই অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত ইতিবাচক। গুড পিপল, গুড ভাইবস। ভবিষ্যতেও এই জুটি নিয়ে আরও কাজ করার ইচ্ছা রয়েছে।
নাটকটি প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘কেউ না জানুক’ শুধু একটি একটি প্রেমের গল্পই নয়, এখানে একে অপরের প্রতি দায়িত্ববোধের কথাও বলা হয়েছে। ইয়াশ রোহান বলেন, নাটকের কাজটি করে অনেক ভালো লেগেছে। সুন্দর একটি গল্প পাবেন দর্শক। ভালো লাগবে সবার।
কুরবানির ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।
‘কেউ না জানুক’ ছাড়াও ঈদের একাধিক কনটেন্টে দেখা যাবে সুনেরাহকে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘দ্য অভিযান’ নামের ইউটিউব ফিল্মে অভিনয় করেছেন তিনি। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ট্রেন জার্নির সঙ্গে নতুন কয়েকজন বন্ধুর গল্প উঠে আসবে এতে। সম্প্রতি প্রকাশ হয়েছে এর পোস্টার।
অন্যদিকে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইয়াশ রোহান। সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পথের প্যাঁচাল’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ফ্ল্যাশ ফিকশনে একজন অটোরিকশাচালকের ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ রোহান।
এএডি/