ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫ মে) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এবারের নজরুল জয়ন্তীর মাধ্যমে আমাদের ময়মনসিংহ ও ত্রিশালবাসীর অন্যতম বড়ো পাওয়া হচ্ছে, ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর মূল কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে ত্রিশালেই আগামী এক বছর ‘নজরুলবর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে এখানে একটি 'নজরুল সিটি' তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে সারা বাংলাদেশের নজরুল চর্চা এই ত্রিশাল থেকেই পরিচালিত হতে পারে।’
তিনি আরও বলেন, ‘কবি নজরুল এখানে যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই ঐতিহাসিক বিদ্যাপীঠের ক্লাসরুমের অংশটুকু আমরা সম্পূর্ণ অক্ষত অবস্থায় রেখেছি। এটি যাতে আন্তর্জাতিক ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘নজরুল জয়ন্তীর এই আয়োজনকে আমরা ইতোমধ্যে ময়মনসিংহ বিভাগের অন্য চারটি জেলাতেও সম্প্রসারণ করেছি। আগামীতে যেন এই ত্রিশাল থেকেই সারা বাংলাদেশের সবকটি জেলায় এই জয়ন্তী উৎসব একযোগে সম্প্রসারণ করা যায়, আমরা সেই মহাপরিকল্পনা করছি। সেই অনুযায়ী একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
তিন দিনব্যাপী এই বিশাল আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, অঙ্গ সংগঠন এবং উপস্থিত সুধীজনকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
সময়ের আলো/জেডি