প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:৫৮ পিএম আপডেট: ২৬.০৫.২০২৬ ২:৫৯ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : টাইমস ম্যাগাজিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমবার সন্ধ্যায় রাজধানী তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। হিব্রু গণমাধ্যমে এ খবর প্রকাশের পর তার দফতর জানায়, মূলত দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য সাম্প্রতিক বছরগুলোতে বারবার আলোচনায় এসেছে এবং বিভিন্ন ঘটনায় তার শারীরিক অবস্থা নিয়ে জনমনে প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। অতীতে তার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি—এমন অভিযোগও উঠেছে, যা তাকে রাজনৈতিক সমালোচনার মুখে ফেলেছে।
গত মাসে তিনি সামাজিক মাধ্যমে জানান, হাদাসাহ হাসপাতালে তার প্রোস্টেটের ক্যানসারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার করা হয়েছে। তিনি দাবি করেন, যুদ্ধ পরিস্থিতিতে এই তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার না হয়। তবে তার রোগ নির্ণয়, চিকিৎসা শুরু এবং শেষ হওয়ার সময় সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি দেননি।
এই ঘোষণার সঙ্গে তিনি একটি স্বাস্থ্য প্রতিবেদন এবং চিকিৎসা-সংক্রান্ত নথি প্রকাশ করেন, তবে সেগুলো আংশিক ও অস্পষ্ট ছিল—কোনো নথিতেই স্পষ্টভাবে হাসপাতালের নাম বা পূর্ণাঙ্গ চিকিৎসা বিবরণ ছিল না বলেও উল্লেখ রয়েছে।
এর আগে ২০২৩ সালের জুলাই মাসে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। এরপর ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়।
প্রথম দিকে পেসমেকার বসানোর বিষয়ে জানানো হলেও পরে বলা হয় যে সেটি আসলে একটি সাবকিউটেনিয়াস হার্ট মনিটর ছিল, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে চিকিৎসকরা জানান, হাসপাতালে করা একটি ইসিজি পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল, তবে তখন তারা দাবি করেছিলেন যে তার হৃদযন্ত্র পুরোপুরি স্বাভাবিক।
/ইউএমএইচ