একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ও তাদের মন্ত্রীরা ব্যাংকগুলো খালি করে প্রায় ৮০ লাখ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এমন একটি শূন্য অবস্থা থেকে এই সরকারকে কাজ শুরু করতে হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা শহরের তাঁতীপাড়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের মান ধরে রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে নিচে নামানো যাবে না, সবসময় উঁচুতে রাখতে হবে। এখানে উচ্চশিক্ষা নিশ্চিত করতে অবশ্যই যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বা রাজনৈতিক তদবির সহ্য করা হবে না।”
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ঠাকুরগাঁওবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তা রেখেছেন। বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের সাথে সংযোগ স্থাপনের মাধ্যম, তাই একে সেভাবেই পরিচালনা করতে হবে। আমাদের সামনে যে সুযোগ এসেছে, তাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।”
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. ইসরাফিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
পরে সকাল ১১টায় জেলা শহরের কালীবাড়িতে অবস্থিত মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন এলজিআরডি মন্ত্রী।
সেখানে তিনি দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, “বিগত সরকারের লুটপাটের পর আমাদের একদম শূন্য থেকে শুরু করতে হয়েছে। তাই দেশ পুনর্গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। বর্তমান সরকার গত তিন মাসে নানা উন্নয়নমূলক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এ সময় আগামী দিনগুলোতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।