সুরের জাদুকর কুমার বিশ্বজিৎ

মইনুল হক রোজ

আনন্দ সময়

বাংলা গানের ভূবনে যে ক’জন শিল্পী নিজের গায়কি ও ব্যক্তিত্ব দিয়ে কয়েক প্রজন্ম মুগ্ধ করে রেখেছেন, তাদের মধ্যে কুমার বিশ্বজিৎ

2026-06-01T02:16:47+00:00
2026-06-01T15:54:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
শুভ জন্মদিন
সুরের জাদুকর কুমার বিশ্বজিৎ
মইনুল হক রোজ
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:১৬ এএম  আপডেট: ০১.০৬.২০২৬ ৩:৫৪ পিএম
কুমার বিশ্বজিৎ। ছবি : সংগৃহীহ
বাংলা গানের ভূবনে যে ক’জন শিল্পী নিজের গায়কি ও ব্যক্তিত্ব দিয়ে কয়েক প্রজন্ম মুগ্ধ করে রেখেছেন, তাদের মধ্যে কুমার বিশ্বজিৎ অন্যতম। আজ এই জীবন্ত কিংবদন্তির জন্মদিন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি সুরের যে মায়াজাল বিস্তার করেছেন, তা আজও অমলিন।

১৯৬৩ সালের এই দিনে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন কুমার বিশ্বজিৎ। সুরের প্রতি তার টান ছিল একেবারে শৈশব থেকেই। বাবার কাছ থেকে গানের প্রথম পাঠ নেওয়া আর কৈশোরে গিটারের ঝংকারে নিজেকে মেলে ধরা- এভাবেই সংগীতের জগতে তার যাত্রা শুরু। ১৯৭৭ সালে ‘রিলেশন’ ব্যান্ডের মাধ্যমে পেশাদার সংগীতের মঞ্চে পা রাখেন তিনি। পরবর্তী সময়ে গড়ে তোলেন ব্যান্ডদল ‘ফিডব্যাক’। তবে ১৯৮১ সালে সলো ক্যারিয়ারে প্রবেশের পর তার প্রতিভা অনন্য উচ্চতায় পৌঁছায়।

কুমার বিশ্বজিতের কণ্ঠে অসংখ্য গান বাঙালির আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। তার গায়কির স্নিগ্ধতা ও দরদ শ্রোতাদের হৃদয়ে এক আলাদা জায়গা করে নিয়েছে। ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘ও ডাক্তার’, ‘একটা চাঁদ ছাড়া রাত’, ‘চন্দনা গো রাগ করো না’, ‘বহুদিন পর হয়েছি মুখোমুখি তোমার’, ‘কান্নার রোল উঠবে একদিন’, ‘তুমি যদি বলো পদ্মা মেঘনা, চতুর্দোলায় চড়ে দেখো’সহ তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।

১৯৮২ সালে ‘ইন্সপেক্টর’ সিনেমায় আলাউদ্দিন আলীর সুরে প্রথমবারের মতো প্লেব্যাক করেন তিনি। এরপর দীর্ঘ পথচলায় তিনি উপহার দিয়েছেন ৩০টি একক অ্যালবাম ও অজস্র মিশ্র অ্যালবাম। শুধু কণ্ঠশিল্পী নয়, গীতিকার ও সুরকার হিসেবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‘সুইটি’, ‘ডাক দিয়ে যাই’, ‘দোলা’ এবং ‘মনের মাঝে তুমি’-এর মতো চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানের পেছনে রয়েছে তার অসামান্য অবদান। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি দুবার ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

সুরের ভুবনে উজ্জ্বল থাকলেও গত কয়েক বছর ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কানাডায় সড়ক দুর্ঘটনায় তার একমাত্র ছেলে নিবিড়ের মারাত্মক আহত হওয়ার ঘটনা তার জীবন ওলটপালট করে দেয়। ছেলের চিকিৎসার প্রয়োজনে বর্তমানে স্ত্রীসহ কানাডাতেই বসবাস করছেন এই শিল্পী।

এই কঠিন সময়ে দীর্ঘদিন গান ও স্টেজ থেকে দূরে ছিলেন তিনি। তবে সংগীতের প্রতি দায়বদ্ধতা থেকে গত বছর থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মঞ্চে মাঝেমধ্যে পারফর্ম করছেন। অতি সম্প্রতি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কানাডার টরন্টোতে ‘বিসিই ভ্যালেন্টাইন ২০২৬ : কুমার বিশ্বজিৎ লাইভ’ শিরোনামের কনসার্টে এককভাবে পারফর্ম করতে দেখা গেছে তাকে।

দেশের মাটিতে তার উপস্থিতি এখন অনেকটা কম হলেও, বাংলা গানের আঙিনায় কুমার বিশ্বজিতের সৃষ্টিকর্ম আজও সমানভাবে জনপ্রিয়। নতুন প্রজন্মের কাছেও তার গানগুলো সমান আবেদন নিয়ে বেঁচে আছে, যা প্রমাণ করে- ভালো সংগীত কখনো পুরোনো হয় না। আজকের জন্মদিনে বাংলা গানের এই কিংবদন্তির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা।

/এসএকে


  বিষয়:   শুভ  জন্মদিন  সুর  জাদুকর  কুমার  বিশ্বজিৎ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: