পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মুন্নাফ (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের সানু বালবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নাফ জেলার তিরনইহাট ইউনিয়নের রওশনপুর এলাকার তজিমুল হকের ছেলে। সে বাবার সাথে ঢাকায় থাকত এবং ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সাথে গ্রামের বাড়িতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার পর সানু বালবাড়ি এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায় মুন্নাফ। সোমবার সকালে সে সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে ডাহুক নদীর পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে তীব্র গরমের কারণে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নামে সে। তবে সাঁতার না জানার কারণে মুহূর্তেই নদীর গভীর পানিতে তলিয়ে যায় মুন্নাফ। পরে বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে নদী থেকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিরনইহাট ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটি বাবার সাথে ঢাকাতেই পড়াশোনা ও বসবাস করত। ঈদের ছুটিতে গ্রামে এসে নানির বাড়িতে বেড়াতে গিয়েই এই দুর্ঘটনার শিকার হয়। সাঁতার না জানা সত্ত্বেও বন্ধুদের সাথে নদীতে নামাই তার জন্য কাল হয়ে দাঁড়াল।
এদিকে, ঈদের আনন্দের রেশ কাটার আগেই কিশোর মুন্নাফের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে সানু বালবাড়ি ও রওশনপুর এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি দুর্ঘটনা হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সময়ের আলো/জেডি