মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অধির মনিদাস উপজেলার দড়গ্রাম এলাকার মৃত রাজেন্দ্র মনিদাসের ছেলে।
সোমবার (১ জুন) রাতে দড়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার দুপুরের দিকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত অধির মনিদাস।
ভুক্তভোগী দড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার নেপাল মনিদাসের মেয়ে। পরে সোমবার রাতে সাটুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ছাত্রীর বাবা একটি মামলা করেন।
পুলিশ জানায়, দড়গ্রাম এলাকার নেপাল মনিদাসের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী মেয়ে সোমবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এর কিছুক্ষণ পর একই এলাকার অভিযুক্ত অধির মনিদাসও একই পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তাকে (ছাত্রী) একা পেয়ে অধির মনিদাস জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং সে চিৎকার করলে গলা টিপে ধরে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত অধির মনিদাস সেখান থেকে পালিয়ে যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হলে সোমবার রাতেই অভিযুক্ত অধির মনিদাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আআ