কী ঘটছে ফিলিস্তিনের পশ্চিম তীরে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর প্রত্যক্ষ নজরদারিতে ফিলিস্তিনি জনপদগুলোর ওপর উগ্রপন্থী ইহুদি বসতিস্থাপনকারীদের (সেটলার) হামলা ও তাণ্ডব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

2026-06-04T11:36:08+00:00
2026-06-04T11:36:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
কী ঘটছে ফিলিস্তিনের পশ্চিম তীরে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ১১)
ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর প্রত্যক্ষ নজরদারিতে ফিলিস্তিনি জনপদগুলোর ওপর উগ্রপন্থী ইহুদি বসতিস্থাপনকারীদের (সেটলার) হামলা ও তাণ্ডব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ফিলিস্তিনিদের বিভিন্ন মৌলিক অবকাঠামো, ফসলি জমি এবং আবাসিক বাড়িঘর লক্ষ্য করে এই পরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলে খবর দিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনিদের অবরুদ্ধ করার অংশ হিসেবে কিফেল হারিস শহরের প্রধান প্রবেশদ্বার সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। এরপর তাদের কড়া পাহারায় উগ্রপন্থী ইহুদিদের একটি বড় দল ওই এলাকায় প্রবেশ করে। স্থানীয় ফিলিস্তিনিদের অবরুদ্ধ রেখে তারা সেখানকার ঐতিহাসিক ইসলামী মাজারগুলোতে জোরপূর্বক তালমুদিক ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে।

জেরুজালেম ও জেরিকোর মধ্যবর্তী খান আল-আহমার এলাকার কাছে আরব আল-তাবানা বেদুইন সম্প্রদায়ের একমাত্র পানির পাইপলাইনটি ভাঙচুর করেছে ইসরায়েলি সেটলাররা। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, এই ধ্বংসযজ্ঞের কারণে পুরো সম্প্রদায়ের পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তীব্র প্রতিকূল পরিবেশের মধ্যে পানি সংকটে পড়ে স্থানীয় পরিবারগুলোর জীবনযাত্রা চরম সংকটের মুখে পড়েছে।

রামাল্লার উত্তরের আতারা শহরে এক অভিনব কায়দায় ফিলিস্তিনিদের ওপর চড়াও হয়েছে সেটলাররা। একটি ভারী বুলডোজার ব্যবহার করে তারা এক ফিলিস্তিনি নাগরিকের বাড়ির ছাদে পৌঁছায় এবং সেখানে থাকা পানির ট্যাংকগুলো উপড়ে ফেলে সম্পূর্ণ ধ্বংস করে দেয়।

রামাল্লার পূর্বাঞ্চলীয় বুরকা শহরের বিস্তীর্ণ ফিলিস্তিনি কৃষিজমিতে অগ্নিসংযোগ করেছে দাঙ্গাবাজ সেটলাররা। এতে আগুন দ্রুত চারপাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন দেওয়ার পরপরই সেখানে ইসরায়েলি বাহিনী উপস্থিত হয়। তবে তারা আগুন নেভাতে নয়, বরং হামলাকারী সেটলারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের রক্ষা করতেই সেখানে অবস্থান নেয়। স্থানীয়রা একে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ধারাবাহিক রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে দেখছেন।

এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে খলিল আল-তারহুনি নামে এক ফিলিস্তিনি নিরাপত্তা প্রহরীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

/কহু


  বিষয়:   ফিলিস্তিন  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: