নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী-পুরুষ এবং শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭/এমপি সীমান্ত পিলার দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা পুশইনের চেষ্টা করে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, বিএসএএফ কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭/এমপি সীমান্ত পিলার দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। সংবাদ পাওয়ার পর কলমুডাঙ্গা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের ভারতীয় শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্য রেখার চকচকি বিল নামক স্থানে অবস্থান করছে। তারা সবাই খুলনা, সাতক্ষিরা ও যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এছাড়া তারা নিজেরা বাংলাদেশি বলেন পরিচয় দিলেও তার স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি। তারা কেউ ৫ বছর, কেউ ৭ বছর বা ১০-১৫ বছর ভারতে অবস্থান করছিল।
নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘সংবাদ পাওয়ার পরে ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।
/কেএইচও