প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ১৯৭২ সালে দিবসটি ঘোষণা করে। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম পরিবেশভিত্তিক সচেতনতামূলক আয়োজন হিসেবে পরিচিত। দিবসটি মানুষকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় এবং প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।
২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য হলো- Inspired by Nature. For Climate For Our Future.
বাংলায় যার অর্থ- প্রকৃতি থেকে অনুপ্রেরণায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য। এবারের প্রতিপাদ্যে প্রকৃতিকে জলবায়ু সংকট মোকাবিলার প্রধান সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে। বন, নদী, পাহাড়, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে পৃথিবীর ভারসাম্য রক্ষা করা সম্ভব- এ বার্তাই বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে।
আয়োজক দেশ ও আয়োজন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অধীনে ২০২৬ সালের আয়োজক দেশ হলো আজারবাইজান। মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রাজধানী বাকুতে। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, পরিবেশবিদ, বিজ্ঞানী, গবেষক ও তরুণ প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশবান্ধব উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো এবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দু।
কেন বিশ্ব পরিবেশ দিবস গুরুত্বপূর্ণ
বর্তমান বিশ্বে পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও দাবানলের ঘটনা বাড়ছে। বায়ু ও পানিদূষণের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে বহু প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। পরিবেশের এই বিপর্যয় শুধু প্রকৃতির নয়; এটি মানুষের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও ভবিষ্যৎ অস্তিত্বের জন্যও হুমকি।
জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ
বর্তমান পরিবেশ সংকটের পেছনে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড দায়ী। যেমন- অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্প-কারখানার ধোঁয়া ও কার্বন নিঃসরণ, নির্বিচারে বন উজাড়, প্লাস্টিক ও পলিথিন দূষণ, অপরিকল্পিত নগরায়ণ, নদী ও জলাশয় দখল, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার। এসব কারণে পৃথিবীর স্বাভাবিক পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়ছে।
প্রকৃতি কেন সবচেয়ে বড় সমাধান
প্রকৃতি নিজেই পরিবেশ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে। বনভূমি জলবায়ুর ভারসাম্য বজায় রাখে এবং জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করে। নদী ও জলাভূমি পানি সংরক্ষণ করে এবং প্রাকৃতিক চক্র সচল রাখে। পাহাড় ও সবুজ অঞ্চল প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে সহায়তা করে। তাই প্রকৃতিকে ধ্বংস নয়, সংরক্ষণ করাই ভবিষ্যৎ পৃথিবীকে নিরাপদ রাখার একমাত্র পথ।
বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। নদীভাঙনের কারণে প্রতি বছর বহু মানুষ গৃহহীন হচ্ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। শহরাঞ্চলে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্লাস্টিক বর্জ্য নদী, খাল ও জলাশয় দূষিত করছে। অপরিকল্পিত নগরায়ণ এবং সবুজায়নের অভাব পরিবেশগত সংকটকে আরও জটিল করে তুলছে। তাই বাংলাদেশে পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
পরিবেশ রক্ষায় ব্যক্তিগত করণীয়
পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে। ব্যক্তি পর্যায়ে কিছু সচেতন উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে। যেমন- বেশি বেশি বৃক্ষরোপণ করা, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমানো, বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করা, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করা, গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হওয়া, খাল, নদী ও জলাশয় পরিষ্কার রাখা, শব্দদূষণ ও বায়ুদূষণ কমাতে সচেতন হওয়া। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
তরুণ সমাজের ভূমিকা
তরুণরাই আগামীর পৃথিবীর নেতৃত্ব দেবে। তাই পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব। তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং পরিবেশ আন্দোলনে সম্পৃক্ততা ভবিষ্যৎ পৃথিবীকে আরও নিরাপদ করতে সহায়তা করবে।
রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার দায়িত্ব
পরিবেশ রক্ষায় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজন- পরিবেশবান্ধব নীতি গ্রহণ, বনভূমি সংরক্ষণে কঠোর আইন প্রয়োগ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি , শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা প্রদান ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন। বিশ্বব্যাপী সমন্বিত উদ্যোগ ছাড়া জলবায়ু সংকট মোকাবিলা করা সম্ভব নয়।
ইসলাম ও পরিবেশ সংরক্ষণ
ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। অপচয় ও দূষণকে নিরুৎসাহিত করা হয়েছে। গাছ লাগানোকে সওয়াবের কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। পানি ব্যবহারে সংযম এবং পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রকৃতি আল্লাহর সৃষ্টি ও আমানত- এ বিশ্বাস মানুষকে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল হতে শিক্ষা দেয়।
বিশ্ব পরিবেশ দিবসের মূল বার্তা
প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন সম্ভব নয়, পরিবেশবান্ধব জীবনধারাই নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক ঐক্য প্রয়োজন, মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, আজকের সচেতনতাই আগামী প্রজন্মকে রক্ষা করবে।
পরিশেষে বলা যায়, বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ আমাদের নতুনভাবে ভাবতে শেখায়- পরিবেশ রক্ষা ছাড়া মানবসভ্যতার টিকে থাকা সম্ভব নয়। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, পৃথিবী বাঁচবে। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র- সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আসুন, আমরা সবাই প্রকৃতির অনুপ্রেরণায় সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনে একসঙ্গে কাজ করি। পরিবেশ রক্ষায় সচেতন হই, ভবিষ্যৎ পৃথিবীকে নিরাপদ করি।
লেখক : লেখক ও জনস্বাস্থ্য বিশ্লেষক