চট্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাতে নগরের খুলশী হিলভিউ ও ফয়’স লেক সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালেও পরিস্থিতি ছিল থমথমে।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সংঘর্ষের ভিডিও। তাতে দেখা যায়, সংঘর্ষের সময় অনেকে ছুরিকাঘাতে আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলশী এলাকায় বিরোধপূর্ণ একটি জমিতে দেয়াল নির্মাণ ও তা ভাঙাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। শুক্রবার রাতে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু ঘণ্টার বেশি সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষের সময় এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে সিএমপির উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
/মহু