যশোর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
রোববার (৭ জুন) যশোর ব্যাটালিয়নের আওতাধীন ঘিবা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ২৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ৯ কেজি গাঁজা, ৫৭টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৪ কেজি জিরা, ৮৬ প্যাকেট ফুসকা, ৬ দশমিক ৫ কেজি কিসমিস, ২ প্যাকেট সোনপাপড়ি, ২৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ২ হাজার ৫২১টি চকলেট এবং ৪৯৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ৯ লাখ ৩৬ হাজার ১২০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে।এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তকে নিরাপদ রাখতে এবং মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সময়ের আলো/জেডি