অধিনায়ক লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসসহ প্রথম পছন্দের একাধিক তারকাকে বিশ্রামে রেখেই জয়ের ধারা বজায় রাখল আর্জেন্টিনা। টেক্সাসের কাইল ফিল্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আলবিসেলেস্তেদের হয়ে গোল দুটি করেন লাওতারো মার্তিনেস ও জুলিয়ানো সিমেওনে। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা লিওনেল স্কালোনির শিষ্যদের রক্ষণভাগকে তেমন কোনো পরীক্ষাই দিতে হয়নি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চেপে ধরে আর্জেন্টিনা। ৩৩ মিনিটে জিওভানি লো সেলসোর শট ক্রসবারে লেগে ফেরার পর নিকোলাস তাগলিফিয়াকো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। ৩৭ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লাওতারো মার্তিনেস।
দেশের হয়ে এটি তার ৩৭তম গোল। বিরতির ঠিক পরেই ব্যবধান দ্বিগুণ করে দিয়েগো সিমেওনের ছেলে জুলিয়ানো সিমেওনে। ৫৪ মিনিটে লাওতারোর চমৎকার ব্যাকহিল পাস থেকে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই মিডফিল্ডার।
খেলার শেষভাগে চোট কাটিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফেরেন টটেনহ্যাম অধিনায়ক ও ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। বেশ কিছু বদলি খেলোয়াড় নামানোর পর ম্যাচের গতি কিছুটা মন্থর হয়ে পড়লে আর কোনো গোল হয়নি।
আর্জেন্টিনার মতো ব্রাজিলও জয় পেয়েছে অন্তর্জাতিক প্রীতি ম্যাচে। মোহাম্মদ সালাহর মিসরকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে শুরুতে লিড পেলেও, নিজেদের ভুলে দ্রুতই গোল হজম করতে হয়েছিল ব্রাজিলকে।
তবে সেই ধাক্কা সামলে বিরতির পর বদলি নামা এন্দ্রিকের চমৎকার গোলে কষ্টার্জিত জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতি পর্বে এটি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে টানা তৃতীয় জয়।
সপ্তম মিনিটে মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের পা থেকে বল কেড়ে নিয়ে ব্রাজিলকে এগিয়ে নেন ব্রুনো গিমারেস। তবে চার মিনিট পরেই অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিয়োসের দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে মিসরের উইঙ্গার মোস্তাফা জিকো গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিল কোচ ৯টি পরিবর্তন আনলে আক্রমণের ধার আরও বাড়ে। বদলি নামার মাত্র সাত মিনিটের মাথায় রাফিনিয়ার পাস থেকে চমৎকার শটে জয়সূচক গোলটি করেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক; জাতীয় দলের হয়ে এটি তার চতুর্থ গোল।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে কষ্টার্জিত জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করেছে জার্মানি। ম্যাচের দ্বিতীয় মিনিটে কাই হাভার্টজের গোলে লিড পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের আয়োজকরা সমতায় ফেরে ৩৭ মিনিটে। অ্যান্তোনি রবিনসনের গোলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ৫৭ মিনিটে লেরয় সানে গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। বিশ্বকাপের আগে টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপ খেলতে যাবে জার্মানি।
/এসএকে