মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়ায় দীর্ঘ ১৫ বছর ধরে জমে থাকা ময়লার স্তূপ অবশেষে অপসারণ করা শুরু হয়েছে।
সোমবার (৮ জুন) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সকাল ১১টায় সিপাহীপাড়া বাজার সংলগ্ন এলাকায় বর্জ্য অপসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান।
জানা গেছে, দীর্ঘ দেড় দশক ধরে এই স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণে বিশাল স্তূপের সৃষ্টি হয়েছিল। ফলে, তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। বিভিন্ন সময়ে স্থানীয়রা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে দাবি জানালেও দীর্ঘদিন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে আজ থেকে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘জনসাধারণের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধ ও জনভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এদিকে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, শুধু বর্তমানের ময়লা অপসারণই নয়, ভবিষ্যতে যেন এই স্থানে পুনরায় কেউ আবর্জনা ফেলে স্তূপ তৈরি করতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলী আজগর বেপারী, প্যানেল চেয়ারম্যান মো. কাজী ফুলন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেল, ইউপি সদস্য আব্দুল করিম ও আবু সাইদ সানি, সিপাহীপাড়া বাজার কমিটির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
/মহু