কুরবানির ঈদ উপলক্ষে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক। এর ভিড়ে দর্শকদের আলাদা করে নজর কেড়েছে ‘বই পোকা’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান।
এতে জুটি হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান। তাদের রসায়ন ভালো লেগেছে দর্শকদের মনে।
নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ২ জুন। গড়পড়তা ট্রেন্ডি-কমেডি গল্পের ভিড়ে ভিন্নধর্মী ভাবনার পারিবারিক আবহে রোমান্টিক গল্পের নাটকটি বেশ প্রশংসিত হয়েছে। প্রচার হওয়ার চার দিনেই নাটকটি দেখেছেন প্রায় ৯ লাখেরও বেশি দর্শক। কয়েক হাজার মন্তব্যের সবকটিতেই এ নাটকের গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয় নিয়ে মুগ্ধতা প্রকাশ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপু খান জানান, ‘বই পোকা’ নাটকটিতে দেখানো হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্দ প্রভাব, এর প্রতি মানুষের আসক্তির নেতিবাচক দিক। সেই সঙ্গে এই প্রজন্মকে সাহিত্যের দিকে মনোযোগী হওয়ার বার্তাও দেওয়া হয়েছে। নাটকটি নির্মাণের সময়ই মনে হচ্ছিল এটি দর্শকের ভালো লাগবে। প্রচারে আসার পর সবার ফিডব্যাক পেয়ে ভালো লাগছে।
এর গল্পকার আকবর হায়দার মুন্না বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে সোশ্যাল মিডিয়া নিয়ে ফ্যান্টাসিটা বাড়াবাড়ি রকমের। এতে পারিবারিক, সামাজিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। পাশাপাশি এখন মানুষ বই, সাহিত্য পড়তে চায় না। এই বিষয়গুলোকে নাড়া দিতেই এমন গল্পের ভাবনা। দর্শকের ভালো লাগছে দেখে তৃপ্তি পাচ্ছি।’
নাটকের অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘একটা ভিন্নধর্মের গল্পের নাটক বই পোকা। এর সংলাপগুলো হৃদয় ছুঁয়ে যায়। তপু ভাইকে ধন্যবাদ এমন একটা নাটকের জন্য।’
অভিনেত্রী সাদনিমা জানান, ‘বই পোকা’ নাটকে কাজের অভিজ্ঞতা দীর্ঘদিন মনে থাকবে। এতে তার চরিত্রটির প্রেমে পড়েছেন তিনি।
‘বই পোকা’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা, রোজি সিদ্দিকী প্রমুখ। বিশেষ একটি চরিত্রে আছেন তারিক আনাম খান।
সময়ের আলো/জেডি