বর্তমান সময়ে অনেক নারী ঘরে বসেই নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের কারণে ছোট পরিসরে ব্যবসা শুরু করাও এখন অনেক সহজ হয়েছে।
তবে একজন নারী উদ্যোক্তার যাত্রার শুরুটা মোটেও সহজ নয়। সুন্দর কিছু ছবি, আকর্ষণীয় পণ্য আর উৎসাহ নিয়ে ব্যবসা শুরু করলেও বাস্তবতার মুখোমুখি হয়ে অনেকেই কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হন।
ব্যবসার শুরুতে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো কাস্টমারের অর্ডার বাতিল করা। অনেক ক্রেতা পণ্য অর্ডার করেন, কিন্তু ডেলিভারির সময় ফোন রিসিভ করেন না কিংবা পণ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
এতে উদ্যোক্তাকে শুধু পণ্য ফেরতই নিতে হয় না, ডেলিভারি চার্জও নিজের পকেট থেকে বহন করতে হয়। নতুন উদ্যোক্তারা সাধারণত সীমিত মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। ফলে কয়েকটি অর্ডার বাতিল হওয়ায় তাদের পুঁজির বড় একটি অংশ নষ্ট হয়ে যায়।
অনলাইন পেজ কিড্ডিসের কর্ণধার আরিফা আক্তার পিয়া বলেন, ‘অনলাইন ব্যবসার শুরু থেকে এখন পর্যন্ত একটা সমস্যায় পরতে হচ্ছে। যখন কাস্টমারের কাছে পার্সেল পাঠাই দেখা যায় বেশিরভাগ কাস্টমার ফ্রড। রাইডার কল দিলে তারা কল ধরে না। এতে আমাদের অনেক লস হয়।’
শুরুর দিকে লাভের চেয়ে ক্ষতির পরিমাণই অনেক সময় বেশি দেখা যায়। পণ্যের ছবি তোলা, প্যাকেজিং, কুরিয়ার খরচ, বিজ্ঞাপন এবং বিভিন্ন আনুষঙ্গিক ব্যয়ের কারণে আয় হওয়ার আগেই খরচের তালিকা দীর্ঘ হয়ে যায়। অনেক নারী উদ্যোক্তা পরিবার থেকে বড় ধরনের আর্থিক সহায়তা পান না।
তাই নিজের সঞ্চিত অর্থ দিয়েই ব্যবসার যাত্রা শুরু করেন। অর্ডার বাতিল, পণ্যের ক্ষতি বা বিক্রি কম হওয়ার মতো সমস্যাগুলো তখন তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। বিশ্বাস অর্জন করাও নতুন উদ্যোক্তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
বাজারে পরিচিত ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে একজন নতুন উদ্যোক্তাকে নিজের অবস্থান তৈরি করতে হয়। অনেক ক্রেতা নতুন পেজ বা প্রতিষ্ঠানের ওপর সহজে আস্থা রাখতে চান না। ফলে ভালো মানের পণ্য থাকা সত্ত্বেও বিক্রি বাড়াতে সময় লাগে।
এর পাশাপাশি সময় ব্যবস্থাপনাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক নারীকে ব্যবসার পাশাপাশি পরিবার, সন্তান এবং গৃহস্থালির দায়িত্বও সামলাতে হয়। দিনের একটি বড় অংশ পারিবারিক কাজে ব্যয় হওয়ার কারণে ব্যবসার জন্য পর্যাপ্ত সময় বের করা কঠিন হয়ে পড়ে। তবু তারা নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে নিরলস চেষ্টা চালিয়ে যান।
অনলাইন ব্যবসার ক্ষেত্রে নেতিবাচক মন্তব্য, অযৌক্তিক দরদাম এবং প্রতারণামূলক আচরণও নতুন উদ্যোক্তাদের মানসিকভাবে চাপে ফেলে।
অনেক সময় একজন উদ্যোক্তা রাত জেগে কাস্টমারের প্রশ্নের উত্তর দেন, পণ্য প্রস্তুত করেন, অথচ শেষ মুহূর্তে অর্ডার বাতিল হয়ে যায়। এই অভিজ্ঞতা হতাশাজনক হলেও অনেকেই ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে সব চ্যালেঞ্জের মাঝেও আশার আলো রয়েছে। যারা ধৈর্য ধরে কাজ চালিয়ে যান, পণ্যের মান বজায় রাখেন এবং গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হন, তারাই ধীরে ধীরে সফলতার মুখ দেখেন। প্রতিটি সফল উদ্যোক্তার পেছনে থাকে সংগ্রামের এক দীর্ঘ গল্প, যেখানে ক্ষতি, হতাশা এবং প্রতিবন্ধকতাকে জয় করেই এগিয়ে যেতে হয়।
নারী উদ্যোক্তাদের এই পথচলা শুধু একটি ব্যবসার গল্প নয়, এটি আত্মবিশ্বাস, সাহস এবং স্বপ্ন বাস্তবায়নের গল্প। তাই তাদের শুরুর দিকের চ্যালেঞ্জগুলোকে বোঝা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজেরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
/এসএকে