বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দারুণ এক সুখবর নিয়ে এলো দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল ‘টি স্পোর্টস’। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি। বিশ্ব ফুটবলের এই মেগা ইভেন্টটি দেশের দর্শকদের দেখানোর মধ্য দিয়ে টি স্পোর্টস বার্তা দিলো, স্পোর্টস বা ফুটবল মানেই বাংলাদেশি দর্শকদের প্রথম পছন্দ।
এবারের বিশ্বকাপটি ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। কারণ, এবারই প্রথম রেকর্ডসংখ্যক ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ। এই ঐতিহাসিক টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ, রোমাঞ্চ ও নাটকীয় মুহূর্ত দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পুরোপুরি প্রস্তুত টি স্পোর্টস। শুধু ম্যাচের সরাসরি সম্প্রচারই নয়, বিশ্বকাপের পুরো সময় জুড়ে ফুটবল বিশেষজ্ঞদের বিশ্লেষণ, এক্সক্লুসিভ ফিচার, হাইলাইটস এবং আকর্ষণীয় টকশোর মাধ্যমে দর্শকদের একটি পূর্ণাঙ্গ ও ভিন্নধর্মী বিশ্বকাপ উপহার দেবে চ্যানেলটি।
এই গৌরবময় মাইলফলক নিয়ে টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক বলেন, ‘ফিফা বিশ্বকাপ কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি একটি বিশ্বজনীন উৎসব যা পৃথিবীর সব প্রান্তের মানুষকে এক সুতোয় বাঁধে। বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে যে তুমুল আবেগ, তার সঙ্গে পৃথিবীর সবচেয়ে বড় এই আয়োজনকে যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য কেবল খেলা দেখানো নয়, বরং নিখুঁত সম্প্রচার, বিশেষজ্ঞদের মতামত এবং অভিনব সব অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মনে রাখার মতো একটি বিশ্বকাপ অভিজ্ঞতা দেওয়া।’
বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা চিরকালই আকাশচুম্বী। বিশ্বকাপ এলেই এ দেশের শহর থেকে গ্রাম— সব জায়গায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, পতাকায় পতাকায় রঙিন হয়ে ওঠে চারপাশ। দেশের প্রতিটি অঞ্চলের মানুষ যাতে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই উন্মাদনার অংশ হতে পারেন, তা নিশ্চিত করবে টি স্পোর্টস।
চ্যানেলটির চেয়ারম্যান সাফওয়ান সোবহান এই প্রসঙ্গে বলেন, ‘বিশ্বমানের সব ক্রীড়া ইভেন্ট বাংলাদেশি ক্রীড়াপ্রেমিদের কাছে সহজে পৌঁছে দেওয়াই টি স্পোর্টসের মূল লক্ষ্য। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপকে দেশের মানুষের জন্য সহজলভ্য করতে পেরে আমরা গর্বিত। এই অর্জন দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সম্প্রচারক হিসেবে আমাদের অবস্থানকে যেমন আরও সুসংহত করল, তেমনি দর্শকদের জন্য বিশ্বমানের বিনোদন নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের নিরলস বিনিয়োগের বিষয়টিও প্রমাণ করল।’
সময়ের আলো/জেডি