নিজেদের ইতিহাসের প্রথম ঘরের মাঠের বিশ্বকাপ ম্যাচে স্বপ্নের শুরু করতে পারেনি কানাডা। ম্যাচের শুরুতে একাধিক আক্রমণ চালিয়ে প্রতিপক্ষকে ব্যস্ত রাখলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো একটি কর্নার থেকেই গোল হজম করে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে কানাডা। লিড এনে দেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ।
শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে টরেন্টো স্টেডিয়ামে দর্শকদের বিপুল সমর্থন নিয়ে ম্যাচ শুরু করে কানাডা। শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকা স্বাগতিকরা বলের দখল এবং মাঠের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে। তবে শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ হতে হয় তাদের।
ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি করেছিল কানাডা। তানি ওলুয়াসেয়ির নিখুঁত পাসে ডি-বক্সের ভেতরে বল পেয়ে যান দলের নির্ভরযোগ্য গোলদাতা জোনাথন ডেভিড। কিন্তু কাছ থেকে নেওয়া তার জোরালো শট প্রতিহত করেন বসনিয়ার গোলরক্ষক নিকোলা। নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়ে দেন তিনি।
আরও পড়ুন
সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই বিপদে পড়ে কানাডা। ২১তম মিনিটে রক্ষণভাগের একটি ভুল থেকেই বসনিয়া পেয়ে যায় কর্নারের সুযোগ। কর্নার থেকে ভেসে আসা বল প্রথমে হেডে বাড়িয়ে দেন অভিজ্ঞ ডিফেন্ডার সেয়াদ কোলাসিনাচ। এরপর ডি-বক্সের মাঝখানে থাকা জোভো লুকিচ দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে সফরকারীদের এগিয়ে দেন।
গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে কানাডা। আলফনসো ডেভিসের নেতৃত্বে একের পর এক আক্রমণ সাজায় স্বাগতিকরা। মাঝমাঠে আধিপত্য বিস্তার করলেও বসনিয়ার সুশৃঙ্খল রক্ষণভাগের সামনে বারবার থেমে যায় তাদের প্রচেষ্টা।
প্রথমার্ধের শেষদিকে কানাডা আক্রমণের গতি আরও বাড়ালেও সমতা ফেরানোর মতো সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে, লিড ধরে রাখতে রক্ষণে দৃঢ়তা দেখিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে স্কোরবোর্ডে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপের দলটি।
এএডি/