ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে শেরপুরের ৩ টি নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। এতে জেলার বিভিন্ন অঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (১৩ জুন) শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সোমেশ্বরী ও মহারশি নদীর পানিও বিপদসীমার ছাড়িয়েছে।
অন্যদিকে, ভোগাই নদীর পানি এখনও বিপদসীমা না ছাড়ালেও পানি বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন অঞ্চলে পাহাড়ি ঢল বৃদ্ধি পেয়েছে। দুদিন আগে নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে বর্ডার রোডসহ একাধিক সড়ক পানিতে তলিয়ে যায়। এ ছাড়া ঝিনাইগাতী সদর বাজারে পানি ঢুকেছে এবং ক্রমান্বয়ে তা বাড়ছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন পয়েন্টে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা থেকে জানা যায়, নাকুগাঁও পয়েন্টে ১৮০ মিলিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৩৫ মিলিমিটার এবং শেরপুর পয়েন্টে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এ ছাড়া মহারশি নদীর বিভিন্নস্থানে পানি বাঁধের কাছাকাছি রয়েছে এবং কোথাও কোথাও বাঁধের পাশে মাটি সরে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা স্থানীয়দের ভেতর উদ্বেগ তৈরি করেছে।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, ‘আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
/মহু