পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে এলাকাবাসীর টহল

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কয়েক দফা পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।‎‎পুশইন ঠেকাতে সীমান্ত এলাকা জুড়ে‎‎হাতে মাইক, মুখে বাঁশি নিয়ে বিজিবির

2026-06-13T19:15:28+00:00
2026-06-13T19:15:28+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে এলাকাবাসীর টহল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৮)
বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন এলাকাবাসী। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কয়েক দফা পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। ‎‎পুশইন ঠেকাতে সীমান্ত এলাকা জুড়ে ‎‎হাতে মাইক, মুখে বাঁশি নিয়ে বিজিবির কড়া নজরদারি চলছে। বিজিবির সঙ্গে এলাকাবাসীও কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। 

‎‎রাতভোর মহেশপুর সীমান্তে চলছে বিজিবির কঠোর নজরদারি। ‎‎বিজিবির টহলে যোগ দিয়েছেন গ্রাম পুলিশ, আনসার ও এলাকাবাসী। তবে এ সীমান্ত দিয়ে এখনও কোনও পুশইনের ঘটনা ঘটেনি।

ঝিনাইদহের মহেশপুরের সঙ্গে ভারতের ৭৮ কিলোমিটার দীর্ঘ ভারতীয় সীমান্ত রয়েছে। এর মধ্যে ৬৮ কিলোমিটার জুড়ে রয়েছে ভারতের কাঁটাতারের বেড়া। ‎‎মাঠিলা ও যাদবপুর বিওপির এলাকায় ১০ কিলোমিটার সীমান্তে নেই কাঁটাতারের কোন বেড়া। ফলে এই ১০ কিলোমিটার সীমান্তে পুশইন ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

‎‎বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলায় ৫৮ বিজিবির অধীন ১২টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) রয়েছে। ‎‎এর মধ্যে পুশইন ঝুঁকিতে রয়েছে মাঠিলা, সামন্তা, যাদবপুর, বাঘাডাংঙ্গা বিওপিসহ অন্তত ৫টি বিওপি। ‎‎এইসব বিওপি এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে বিজিবি। 

‎মহেশপুর উপজেলার যাদবপুর মাঠিলা সামন্তা বাঘাডাংঙ্গা শ্রীনাথপুর কুসুমপুর বিওপি এলাকায় বিজিবি সদস্যরা দিনরাত টহল দিচ্ছেন। ‎‎হাতে মাইক মুখে বাঁশি সীমান্তে বিজিবির কড়া নজরদারি চোখে পড়ছে সবসময়।

‎‎বিশেষ করে, কাজিরবেড়  ইউনিয়নের সামন্তা ও মাটিলা বিওপি এলাকার সীমান্তে বিজিবির টহল ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ‎‎এসব এলাকায় সীমান্তের শূন্য লাইন ঘেঁষে বিজিবি আনসার ও স্থানীয় এলাকাবাসীর শক্ত অবস্থান দেখা গেছে। 

‎‎স্থানীয় এলাকাবাসী ও বিজিবির একাধিক সদস্য সূত্রে জানা গেছে, সামন্তা বিওপির অধীন, কচুরপোতা, পাখরাইল, এলাকায় রাতের আঁধারে অন্ধকারে সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন লাইট বন্ধ করে কয়েকবার পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ‎‎তবে কাঁটাতার সংলগ্ন লাইট বন্ধ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রান্ত থেকে স্থানীয় এলাকাবাসীর চিৎকার, মাইকিং ও টর্চ লাইটের আলো জ্বালিয়ে বিএসএফের পুশইন চেষ্টা ভেস্তে দিয়েছে। 

‎‎সীমান্তবর্তী কাজিরবেড় গ্রামের রফিকুল ইসলাম বলেন, আমরা দেখছি বিএসএফ তাদের কাঁটাতার ঘেঁষা সড়কে বড় গাড়িতে করে লোকজন ধরে এনে জমা করছিল। ‎‎পরে রাতে কাঁটাতারের আলো বন্ধ করে গেট খুলে দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে। তবে এলাকাবাসী ও বিজিবির শক্ত অবস্থানের কারণে অন্তত ৫-৬টি পুশইন চেষ্টা প্রতিহত করা হয়েছে। 

‎‎সামন্তা গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম বলেন, সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টার আলামত দেখলেই আমরা সঙ্গে সঙ্গে বিজিবিকে জানাই। বিজিবির সঙ্গে রাত জেগে গ্রামের মানুষ সীমান্ত পাহারা দিচ্ছেন। গ্রামের মানুষ ঐক্যবদ্ধ। কোনও পুশইন মেনে নেওয়া হবে না। 

‎‎মহেশপুর (৫৮) বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, ‘মহেশপুর সীমান্ত এলাকায় পুশইনের কোনও ঘটনা ঘটেনি। ‎‎তবে কয়েকবার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা করা হয়েছিল। আমাদের সৈনিকরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।’

‎‎তিনি আরও বলেন, ‘সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরাও আমাদের সৈনিকদের সঙ্গে টহলে সহায়তা করছেন। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা এক ইঞ্চিও ছাড় দেব না।’

/আতা


  বিষয়:   পুশইন  বিজিবি  এলাকাবাসী  টহল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: