চুয়াডাঙ্গার দর্শনা ও কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে মোট ২০ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে।
শনিবার (১৩ জুন) দিবাগত রাতে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ৭৬/৭৭ নম্বর পিলার এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
পুশইনের চেষ্টা করা ১১ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তে পুশইনসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, একই সীমান্তের ৭৬ নম্বর পিলার এলাকা থেকে আটক এক বাংলাদেশি যুবককে এখনো ফেরত দেয়নি বিএসএফ বলে জানিয়েছে বিজিবি।
অন্যদিকে, কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়েও দুই শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। রোববার ভোরে উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ ও ১০৬৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে। বর্তমানে ওই ৯ জন ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানা গেছে।
বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানান, পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।
/এসএকে