কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফনের ৩ মাস পর গৃহবধূ মনোয়ারা খাতুনের (৪৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
রবিবার (১৪ জুন) আদালতের নির্দেশে সকাল সাড়ে ১১টায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ও নওদা ক্ষেমিড়দিয়াড় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত মনোয়ারা খাতুন নওদা ক্ষেমিরদিয়াড় এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০শে মার্চ মনোয়ারা খাতুন মারা যান। সে সময় তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে গুঞ্জন উঠেছিল জানান এলাকাবাসী। উক্ত ঘটনার পর থেকেই তার দ্বিতীয় স্বামী আমিন ব্যাপারী পলাতক আছেন।
এ ঘটনায় মনোয়ার খাতুনের আগের পক্ষের ছেলে সুমন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পায় ভেড়ামারা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।
এ সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. লতিফুল কবির লিমন এবং ভেড়ামারা থানার ওসি (তদন্ত) ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম (রকিব) উপস্থিত ছিলেন।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) মো. রাকিবুল ইসলাম (রকিব) বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
/এসএকে