বৃদ্ধকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় পুশব্যাক

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে অবৈধভাবে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার

2026-06-14T19:56:42+00:00
2026-06-14T19:56:42+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
বৃদ্ধকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় পুশব্যাক
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৬)
হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে অবৈধভাবে পুশইনের চেষ্টা বিএসএফের। ছবি : সময়ের আলো
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে অবৈধভাবে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে প্রতিহত করে ভারতীয় ভূখণ্ডে ফেরত (পুশব্যাক) পাঠিয়েছেন। 

রোববার (১৪ জুন) সকাল আটটার দিকে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর উপপিলার এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর বিকেল ৩টা পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখে বিএসএফ। এ নিয়ে সীমান্ত এলাকায় দিনভর চরম উত্তেজনা বিরাজ করে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার একটি ডোবার মধ্যে আনুমানিক ৭০ থেকে ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছে। ডোবার বাংলাদেশ প্রান্তে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন বিজিবি সদস্য ও স্থানীয় শত শত গ্রামবাসী। আর ভারতীয় প্রান্তে সতর্ক অবস্থানে ছিলেন বিএসএফ সদস্যরা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী কৃষকদের ভাষ্যমতে, সকালে সীমান্তসংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ওই বৃদ্ধ কাঁটাতার পেরিয়ে তাদের কাছে আসেন এবং তৃষ্ণার্ত গলায় খাবার ও পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, ভোরের দিকে বিএসএফের সদস্যরা জোরপূর্বক তাকে তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কৃষকেরা তাৎক্ষণিকভাবে বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে অবহিত করেন।


হাটখোলা গ্রামের বাসিন্দা বাবু হোসেন বলেন, বৃদ্ধ লোকটি খুব তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিলেন। তিনি এপারে এসে পানি খেতে চাইলে আমরা মানবিক কারণে তাকে পানি খাওয়াই। পরে বিজিবির সদস্যরা এসে তাকে আবার ভারতীয় সীমান্তে ফেরত পাঠান। কিন্তু বিএসএফ তাকে ভেতরে না নিয়ে উল্টো শূন্যরেখায় বসিয়ে রাখে।

বাবু হোসেন আরও জানান, ভারতের অভ্যন্তরে মথুরাপুর বিএসএফ ক্যাম্পের কাছে আরও অনেক মানুষকে জড়ো করে রাখা হয়েছে বলে ওপার থেকে খবর পাওয়া গেছে। স্থানীয়দের আশঙ্কা, সুযোগ বুঝে রাতের অন্ধকারে বা যেকোনো সময় তাদেরও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হতে পারে। এ কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী হাটখোলা ক্যাম্পের বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ এক বৃদ্ধ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছিল। আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করে পুশব্যাক করেছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সোয়া তিনটা) বিএসএফ ওই বৃদ্ধকে নিয়ে সীমান্তে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যেকোনো ধরনের অনধিকার প্রবেশ ঠেকাতে বিজিবি ও স্থানীয় জনতা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বৃদ্ধ  পুশইন  বিজিবি  পুশব্যাক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: