২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ 'এফ'-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস এবং জাপান। আক্রমণ ও পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচের প্রথমার্ধের প্রথম ৪৫ মিনিট শেষে কোনো দলই জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে ০-০ গোলের নিষ্ফলা সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল।
ম্যাচের শুরু থেকেই দুই পরাশক্তি ফুটবলীয় শ্রেষ্ঠত্ব দেখানোর লড়াইয়ে নামে। ম্যাচের ৩৪ মিনিটে ডেডলক ভাঙার সুবর্ণ সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। তবে ডাচ ফরোয়ার্ড ডনিয়েল মালেনের এক দুর্দান্ত হেড অসাধারণ দক্ষতায় নস্যাৎ করে দেন জাপানি গোলরক্ষক জিওন সুজুকি। সুজুকির এই চোখধাঁধানো সেভের কারণেই প্রথমার্ধে লিড নেওয়া হয়নি ডাচদের।
ম্যাচটিতে মাঠের লড়াইয়ের পাশাপাশি তৈরি হয়েছে কিছু দারুণ পরিসংখ্যান। নেদারল্যান্ডসের রক্ষণভাগের মূল ভরসা ও লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক আজ এক অনন্য কীর্তি গড়েছেন। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি ফন ডাইকের ৬৬তম ম্যাচ এবং প্রতিটি ম্যাচেই তিনি শুরুর একাদশে ছিলেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে চলতি মৌসুমে এটিই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
অন্যদিকে, ডাচ ফুটবলের ইতিহাসে এই প্রথমবারের মতো নেদারল্যান্ডসের শুরুর একাদশে তাদের নিজস্ব শীর্ষ লিগের (এরেডিভিজি) কোনো ফুটবলার জায়গা পাননি। অথচ ডাচ লিগে খেলা দুই জাপানি ফুটবলার আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে আজ জাপানের হয়ে শুরুর একাদশে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দুই দলই যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলছে, তাতে দ্বিতীয়ার্ধে যেকোনো মুহূর্তে গোল আসার সম্ভাবনা রয়েছে। বিরতি কাটিয়ে কোন দল ড্যালাসের মাঠে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
সময়ের আলো/জেডি