জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সেশনটি নিউইয়র্কে ১৭ থেকে ১৯ জুন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘ সংস্থা, দাতা দেশ এবং মানবিক সহায়তা সংস্থাগুলো অংশ নেবে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আরও পড়ুন
ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের এই সেগমেন্টকে বৈশ্বিক মানবিক সংকট মোকাবিলার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এখানে দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ সহায়তা, আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতি বছর এই প্ল্যাটফর্মে সদস্য রাষ্ট্রগুলো একত্রিত হয়ে মানবিক সংকট মোকাবিলায় যৌথ সিদ্ধান্ত গ্রহণ করে। এবারের সেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন জাতিসংঘে নিযুক্ত স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ। তিনি পুরো সেশনের চেয়ারের দায়িত্বেও থাকবেন।
বাংলাদেশ প্রতিনিধিদল এই সেশনে বৈশ্বিক মানবিক সহায়তা জোরদার, সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু-সম্পর্কিত মানবিক ঝুঁকি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। সফরসূচি অনুযায়ী, সেশন শেষে আগামী ২০ জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এএডি/