যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার পর সোমবার (১৫ জুন) রাত থেকেই সব ধরনের যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হবে বলে দাবি করেছে ইরান। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চুক্তির আওতায় বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত- বিশেষ করে লেবাননসহ একাধিক ফ্রন্টে অবসান ঘটবে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়াও আজ রাত থেকেই শুরু হওয়ার কথা রয়েছে।
ভারতে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তার বক্তব্য প্রকাশ করে জানায়, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
আরও পড়ুন
ঘারিবাবাদি বলেন, এটি একটি প্রাথমিক সমঝোতা হলেও পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে আগামী ৬০ দিনের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনি সতর্ক করে বলেন, কোনো পক্ষ যদি এই সমঝোতার শর্ত ভঙ্গ করে, তাহলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানি বন্দরগুলোর ওপর থাকা নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে।
তবে এই চুক্তিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক ও কর্মকর্তা মনে করছেন, এই সমঝোতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্বঘোষিত লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়নি।
এএডি/