যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চললেও সামরিক সক্ষমতা কমানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না ইরান। বরং দেশটির সামরিক নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, কূটনৈতিক চুক্তির পাশাপাশি প্রতিরক্ষা প্রস্তুতি আরও শক্তিশালী করার কাজ অব্যাহত থাকবে।
ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র মঙ্গলবার (১৬ জুন) দেওয়া এক বিবৃতিতে বলেন, চলমান দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক কার্যকর হওয়ার সময়েও দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রাখা হবে।
তেহরানের এই অবস্থানকে বিশ্লেষকরা ‘কূটনীতি ও প্রতিরক্ষা- দুই পথেই অগ্রসর হওয়ার কৌশল’ হিসেবে দেখছেন। তাদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা প্রশমনের বার্তা দিলেও ইরান নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা উড়িয়ে দিতে চাইছে না।
আরও পড়ুন
বিবৃতিতে সামরিক মুখপাত্র সতর্ক করে বলেন, চুক্তির কোনো পক্ষ যদি সমঝোতার শর্ত লঙ্ঘন করে, তাহলে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, প্রয়োজন হলে আঞ্চলিক সামরিক পরিস্থিতিকে দ্রুত পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
তিনি আরও বলেন, সমঝোতা বাস্তবায়নের পুরো সময়জুড়ে ইরান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখবে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।
এএডি/