যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুল ইসলাম নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল পৌনে ৪টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়গ মহাসড়কের সায়দাবাদ রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ট্রাফিকের পুলিশ পরিদর্শক (টিআই) মো. মোফাকখারুল ইসলাম বলেন, মহাসড়কে একটি ট্রাকের ব্রেক ফেল করে ট্রাফিক পুলিশের একজন সদস্যকে চাপা দেয়। পরে আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাপা দেওয়া ট্রাকটিসহ চালক এবং হেলপারকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, যমুনা সেতুর পশ্চিম এলাকায় একটি ট্রাক প্রতিযোগিতামূলকভাবে চলার সময় রং সাইড দিয়ে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দায়িত্ব পালনরত এটিএসআই মো. নুরুল ইসলামকে চাপা দেয়। এতে তিনি নিহত হন। পুলিশের পক্ষ থেকে নিহত কর্মকর্তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
সময়ের আলো/আতা