বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে আত্মবিশ্বাসী সূচনা করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা। প্রথম ১০ মিনিটের মধ্যেই দুই দলই জালের দেখা পেলেও স্কোরবোর্ডে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনার হয়ে মেসি এবং আলজেরিয়ার হয়ে একটি গোল অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।
আরও পড়ুন
তবে আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস ধরে সুযোগ তৈরি করেন মেসি। এরপর দুর্দান্ত শটে বল পাঠিয়ে দেন জালে। আলজেরিয়ার গোলরক্ষক বল স্পর্শ করলেও গোল ঠেকাতে পারেননি।
গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা। মাঝমাঠে বলের দখল এবং আক্রমণভাগে ধারাবাহিক চাপের মাধ্যমে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে লাতিন আমেরিকার দলটি। আলজেরিয়া কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা করলেও প্রথমার্ধে আর্জেন্টাইন রক্ষণকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।
এই ম্যাচটি মেসির জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়েছেন তিনি। ফুটবলের সর্বোচ্চ আসরে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এএডি/