চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই ধাক্কার মুখে পড়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ইনিংসের প্রথম ভাগেই চার গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ।
বুধবার (১৭ জুন) শুরুতে তানজিদ হাসান ও সাইফ হাসান কিছুটা ইতিবাচক ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও সেই সম্ভাবনা বড় জুটিতে রূপ নেয়নি।
তৃতীয় ওভারে স্পেন্সার জনসনের বলে আউট হন তানজিদ। অফ স্টাম্পের বাইরের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে কাভারে ধরা পড়েন তিনি। ৯ বলে ১০ রান করে ফেরেন এই ওপেনার।
প্রথম উইকেটের পরও রান তোলার গতি ধরে রাখার চেষ্টা করেন সাইফ হাসান। তবে পাওয়ার প্লের মধ্যেই তার ইনিংসের ইতি ঘটে। অফ স্পিনার ম্যাট রেনশর বলে বড় শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দেন তিনি। ১৪ বলে ২০ রানের ইনিংসে ছিল তিনটি চার।
আরও পড়ুন
সাইফের বিদায়ের পর ক্রিজে এসে শুরুতেই ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক বার্তা দেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু সেই ঝলক বেশিক্ষণ স্থায়ী হয়নি। অ্যাডাম জ্যাম্পার গুগলিতে বিভ্রান্ত হয়ে স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হন তিনি। মাত্র ৫ বলে ৮ রান করে ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে।
অন্যদিকে অভিজ্ঞ সৌম্য সরকারও ইনিংস বড় করতে পারেননি। তার বিদায়ে মধ্যক্রমে আরও চাপ বাড়ে বাংলাদেশের। একসময় সম্ভাবনাময় অবস্থানে থাকা দলটি দ্রুত উইকেট হারিয়ে রক্ষণাত্মক অবস্থানে চলে যেতে বাধ্য হয়।
এএডি/