চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুর এলাকায় একটি পণ্যবাহী ট্রাকচাপায় হাবিবুর রহমান (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত সোয়া ৯টার দিকে কালিদাসপুর সাদা ব্রিজসংলগ্ন কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান মেহেরপুরের মুজিবনগর শাখার শিশু নিলয় ফাউন্ডেশনের ম্যানেজার ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার মাজিলা গ্রামের আলী আকবরের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অফিস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান। রাত সোয়া ৯টার দিকে কালিদাসপুর সাদা ব্রিজ অতিক্রম করার সময় একই দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয় কয়েকজন যুবক মোটরসাইকেলে ধাওয়া দিলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের মামার বাড়ি আলমডাঙ্গার কুমারী গ্রামে। তিনি কুমারী গ্রামের মৃত এখলাস উদ্দীনের নাতি এবং ফরিদপুর গ্রামের জামাল আলীর জামাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সময়ের আলো/এসএকে