গণমাধ্যমে খবর প্রকাশে ১ বছর পর অন্ধ বাবাকে পেলেন ছেলে

গোলাম রব্বানী, হিলি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) চারমাথা মোড়ে রাস্তার পাশে ফেলে যাওয়া ৯০ বছরের অন্ধ বৃদ্ধ মতিউর রহমান অবশেষে তার পরিবারকে খুঁজে পেয়েছেন।

2026-06-20T23:02:57+00:00
2026-06-21T00:00:49+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
গণমাধ্যমে খবর প্রকাশে ১ বছর পর অন্ধ বাবাকে পেলেন ছেলে
গোলাম রব্বানী, হিলি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:০২ পিএম 
বৃদ্ধ মতিউর রহমান অবশেষে তার পরিবারকে খুঁজে পেয়েছেন। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর (হিলি) চারমাথা মোড়ে রাস্তার পাশে ফেলে যাওয়া ৯০ বছরের অন্ধ বৃদ্ধ মতিউর রহমান অবশেষে তার পরিবারকে খুঁজে পেয়েছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের পর, নিখোঁজ হওয়ার এক বছর পর বাবাকে ফিরে পেয়েছেন তার ছেলে রহিদুল ইসলাম।

শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই বৃদ্ধকে তার ছেলের হাতে তুলে দেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নেস্ট’-এর সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া বৃদ্ধ মতিউর রহমানের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায়। এক বছর আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। গতকাল ফেসবুক ও গণমাধ্যমের সংবাদের মাধ্যমে ছেলে রহিদুল ইসলাম জানতে পারেন তার অন্ধ বাবা হিলি হাসপাতালে ভর্তি আছেন। এই খবর পেয়েই তিনি দ্রুত হিলিতে ছুটে আসেন।


এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে হিলি চারমাথা মোড়ে রাস্তার পাশে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নেস্ট’। সংগঠনের সভাপতি মো. ফয়সাল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. আ. মালেক বিষয়টি থানায় অবহিত করলে ওসি জাকির হোসেনের নির্দেশে পুলিশ সদস্য পাঠানো হয়। পরে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা মিলে বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে ওই বৃদ্ধের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন আব্দুর রহিম নামের আরেক চিকিৎসাধীন রোগী। তিনি বলেন, আমি নিজে অসুস্থ হয়েও এই বৃদ্ধকে বাবা মনে করে গোসল করানো, খাইয়ে দেওয়া এবং মলমূত্র পরিষ্কার করার কাজ করেছি। আজ তার ছেলেকে সশরীরে এসে বাবাকে নিয়ে যেতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণেই আজ এক বছর পর একজন অন্ধ বাবা তার সন্তানকে ফিরে পেলেন। আইনি প্রক্রিয়া ও সত্যতা যাচাই শেষে বৃদ্ধ মতিউর রহমানকে তার ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে। বিদায়বেলায় ওসি জাকির হোসেন ব্যক্তিগত তহবিল থেকে ওই পরিবারের যাতায়াত খরচ বাবদ আর্থিক সহায়তাও করেন।

বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত ছেলে রহিদুল ইসলাম পুলিশ প্রশাসন, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নেস্ট’-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   গণমাধ্যমে  খবর প্রকাশ  জাদু  অন্ধ বাবা  ছেলে 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: