ফুটবল বিশ্বকাপের ঐতিহাসিক ১০০০তম ম্যাচের মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দল জাপান ও আফ্রিকার দল তিউনিসিয়া। রোববার (২১ জুন) সকাল ১০টায় মাঠে গড়াবে বিশ্বকাপের এ ম্যাচটি।
চলমান ফিফা বিশ্বকাপে এ দুই দেশ ২১ জুন মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটি বিশ্বকাপের দীর্ঘ যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক যোগ করবে।
১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু হয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের। প্রায় এক শতাব্দীর পথচলায় অসংখ্য স্মরণীয় মুহূর্ত, রেকর্ড এবং নাটকীয়তার জন্ম দিয়েছে বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় এবার ১০০০তম ম্যাচের মাইলফলকে পৌঁছাল টুর্নামেন্টটি।
গ্রুপ ‘এফ’-এর এই ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল জাপান। অন্যদিকে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে তিউনিশিয়া।
ফিফা এ ঐতিহাসিক ম্যাচটি রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকসকে পরিচালনার দায়িত্ব দিয়েছে। ম্যাচটি স্মরণীয় করে রাখতে বিশেষ রেফারিরা একটি বিশেষ জার্সি পরবেন, যেখানে সোনালি রঙের হাতার স্ট্রাইপ এবং ‘Match 1000’ লেখা একটি বিশেষ প্যাচ থাকবে।
২০২৬ সালের বিশ্বকাপে ইতোমধ্যে বেশ কিছু নতুনত্ব দেখা গেছে, যার মধ্যে ৪৮ দলের অংশগ্রহণ অন্যতম। বাছাইপর্বে রেকর্ড ২০৯টি জাতীয় দল অংশ নেয়, যেখানে ১৯৩০ সালের উদ্বোধনী আসরে অংশ নিয়েছিল মাত্র ১৩টি দল।
এ বিষয়ে জাপান কোচ হাজিকে মোরিয়াসু বলেন, ‘বিশ্বকাপের ১,০০০তম ম্যাচটি তাদের দলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। খেলোয়াড়েরা এই ঐতিহাসিক ম্যাচে মানানসই পারফরম্যান্স দিতে মুখিয়ে আছেন।’
তিউনিসিয়া অধিনায়ক এলিয়েস স্কিরি বলেন, ‘এই ম্যাচে অংশ নিতে পারা খেলোয়াড়দের জন্য একটি প্রতীকী ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
/কেএইচও