যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। হোয়াইট সিটি এলাকার নিউজিল্যান্ড ওয়ে সংলগ্ন একটি একতলা প্যাভিলিয়নে শনিবার (২০ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে লন্ডন ফায়ার ব্রিগেড।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই জরুরি সাড়া দেয় দমকল বিভাগ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে একাধিক ইউনিট।
দুর্ঘটনাস্থলে মোট ১৫টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়। এছাড়া আশপাশের একাধিক ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত সহায়তা পাঠানো হয়।
আরও পড়ুন
ফায়ার ব্রিগেড জানায়, আগুনে একতলা প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকাজ চলাকালে ভবনের ভেতর থেকে তিনজন পুরুষকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেওয়া হয়।
এর মধ্যে দুইজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ চেষ্টার পর রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত জটিল হওয়ায় মোট ১৯টি জরুরি কল পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী দল কাজ শুরু করেছে। স্থানীয় পুলিশও তদন্ত কার্যক্রমে সহযোগিতা করছে।
এএডি/