হাইড্রেশন ব্রেক নিয়ে আপত্তি স্কালোনির

ক্রীড়া ডেস্ক

খেলা

অত্যধিক গরম ও বিরূপ আবহাওয়ার কারণে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি অর্ধে একবার করে ‘হাইড্রেশন ব্রেক’ চালু করেছে ফিফা।

2026-06-22T12:08:03+00:00
2026-06-22T12:08:03+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
খেলা
হাইড্রেশন ব্রেক নিয়ে আপত্তি স্কালোনির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:০৮ পিএম 
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
অত্যধিক গরম ও বিরূপ আবহাওয়ার কারণে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি অর্ধে একবার করে ‘হাইড্রেশন ব্রেক’ চালু করেছে ফিফা। নতুন এই নিয়ম নিয়ে ইতোমধ্যে ফুটবলার ও কোচদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সেই তালিকায় যোগ দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে সময়ের সঙ্গে সবাই এই অতিরিক্ত বিরতির সঙ্গে মানিয়ে নেবে বলেই বিশ্বাস তার।

সোমবার (২২ জুন) রাত ১১টায় বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে হাইড্রেশন ব্রেক প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘২২-২৩ মিনিটের মধ্যে অনেক কিছু বদলে যেতে পারে। আমাদের বিশ্লেষক দল ম্যাচ পর্যবেক্ষণ করে এবং আমরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। এটা মূলত স্বাভাবিক বিরতির সময় যা করা হয়, তারই একটি অংশ।’

তিনি আরও বলেন, ‘যেসব দল আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়, তাদের জন্য এই বিরতি গুরুত্বপূর্ণ। কারণ এতে কিছু বিষয় পরিবর্তনের সুযোগ থাকে। বিষয়টি এখনও কিছুটা অদ্ভুত মনে হয়, তবে এমন পরিস্থিতি আরও বেশি হলে এটি স্বাভাবিক হয়ে যাবে। আমার মনে হয় না, এখনও আমরা এটিকে পুরোপুরি স্বাভাবিকভাবে নিতে পেরেছি।’

স্কালোনির মতে, অনেক সময় প্রথমার্ধের মধ্যেই ম্যাচের পরিস্থিতি বদলে যায় এবং তখন কিছু বিষয় সংশোধনের প্রয়োজন হয়। নতুন এই বিরতি সে সুযোগ তৈরি করে দিলেও এটি খেলায় পরিবর্তন আনবে বলেই মনে করেন বিশ্বকাপজয়ী এই কোচ।

বিশ্বকাপ অভিযান শুরুতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে অস্ট্রিয়া। ফলে দ্বিতীয় ম্যাচটি যে সহজ হবে না, সেটি আগেই বুঝিয়ে দিয়েছেন স্কালোনি।


প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, ‘অস্ট্রিয়ার খুব ভালো খেলোয়াড় আছে। তারা দারুণ একটি দল, প্রচুর চাপ সৃষ্টি করে এবং দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল খেলে। আমরা দেখেছি, তারা এমন একটি দল যাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নিঃসন্দেহে ম্যাচটি কঠিন হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দু’দলই প্রথম ম্যাচ জিতেছি, তাই এটি ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। গ্রুপপর্ব সবসময়ই কঠিন হয়ে থাকে।’

টুর্নামেন্টের শুরুতে কয়েকটি অপ্রত্যাশিত ফল দেখা গেলেও শেষ পর্যন্ত বড় দলগুলোই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে বলে বিশ্বাস স্কালোনির।

তার ভাষায়, ‘বড় শক্তির দলগুলো এখানেই থাকবে। অনেক দলই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং কোনো সন্দেহ নেই, এটি কঠিন একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। প্রতিটি দলের মতো আমাদেরও দুর্বল জায়গা আছে। আশা করি, প্রতিপক্ষ সেগুলো খুঁজে পাবে না।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   হাইড্রেশন ব্রেক  আপত্তি  স্কালোনি  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: